চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নওদাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৯টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজন আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের ছেলে রিয়াদ হাসান (১২)। সে ডামস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। আরেকজন একই উপজেলার ফরিদপুর গ্রামের পলাশ হোসেন (৪০)। কুষ্টিয়ায় চিকিৎসক দেখিয়ে তারা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রিয়াদ হাসান বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। কুষ্টিয়ায় চিকিৎসক দেখিয়ে রাতে পলাশের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নওদাপাড়ায় একটি ট্রাক তাদের পেছন থেকে এসে চাপা দিলে ঘটনাস্থলেই রিয়াদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পলাশকে উদ্ধার করে আলমডাঙ্গা শহরের আল-মদিনা ক্লিনিকে নিলে সেখানে রাত সাড়ে ৯টার দিকে তিনিও মারা যান।