বরফ সংকট ও বৈরী আবহাওয়া

নিষেধাজ্ঞা শেষে মাছ আহরণে যেতে পারছেন না জেলেরা

সাগরে মাছ আহরণে ৬৫ দিনের নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন নিরাপদ ও রেণু বেড়ে ওঠা নিশ্চিত করতে ২০ মে-২৩ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গতকাল মধ্যরাতে এ সময় শেষ হলেও বরফ সংকট ও সাগরে নিম্নচাপের কারণে মাছ আহরণে যেতে পারছেন না জেলেরা। কারফিউর কারণে বরফকলগুলো বন্ধ থাকায় এ সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন জেলেরা।

সাগরে মাছ আহরণে ৬৫ দিনের নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন নিরাপদ ও রেণু বেড়ে ওঠা নিশ্চিত করতে ২০ মে-২৩ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গতকাল মধ্যরাতে এ সময় শেষ হলেও বরফ সংকট ও সাগরে নিম্নচাপের কারণে মাছ আহরণে যেতে পারছেন না জেলেরা। কারফিউর কারণে বরফকলগুলো বন্ধ থাকায় এ সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন জেলেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল উপকূলের ১ লাখ ৪৬ হাজার ২৯ জেলে সাগরে মাছ আহরণে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। গতকাল মধ্য রাতে বরিশাল, বরগুনা, পটুয়াখালী ও ভোলা থেকে কয়েক হাজার নৌকা নিয়ে তারা সাগরে রওনা দেয়ার কথা ছিল। তবে বরফ সংকট ও বৈরী আবহাওয়ার কারণে দেখা দিয়েছে বিপত্তি।

জেলেরা বলছেন, বরফ না পেলে সাগরে পাওয়া মাছ সংরক্ষণ অসম্ভব হয়ে পড়বে। তাই বরফ ছাড়া সাগরে যাওয়া সম্ভব নয়। 

বরগুনার পলাশ হাওলাদার বলেন, ‘ট্রলার মেরামত করতে গিয়ে ১ লাখ টাকা ঋণ করতে হয়েছে। ওই টাকা এখনো পরিশোধ করতে পারিনি। নিষেধাজ্ঞা শেষে নদীতে নামব। আশা করি এবার ঋণ পরিশোধ সম্ভব হবে।’

আবুল কালাম বলেন, ‘নিষেধাজ্ঞার সময় ছেলে-মেয়ে নিয়ে সংসার চালাতে অনেক কষ্ট হয়েছিল। ৬৫ দিন এনজিওর ঋণ নিয়ে দুশ্চিন্তায় ঠিকমতো ঘুমাতেও পারিনি। মহাজনের দাদনের টাকা কীভাবে পরিশোধ করব, তা নিয়েও হতাশ হয়ে পড়েছি। যদি মাছ পাই, তাহলে ঋণ শোধ করে সংসার চালাতে পারব। এখন ঝামেলায় পড়েছি বরফ নিয়ে। বরফ পেলেই সাগরে নামব।’

জাল ও ট্রলার মালিক কলাপাড়ার জলিল মাঝি বলেন, ‘এরইমধ্যে আমরা জাল ও ট্রলার মেরামত করেছি। ইঞ্জিনের তেল ও জেলেদের খাবার উপকরণসহ সব ধরনের প্রস্তুতি শেষ করেছি। তবে বরফ সংকটে বিড়ম্বনায় পড়েছি।’

কলাপাড়ার বরফকল মালিক মজনু গাজী বলেন, ‘আলীপুর ও মহীপুর মিলিয়ে এখানে ৩০টি বরফকল রয়েছে। অভ্যন্তরীণ মাছ সংরক্ষণে এর মধ্যে মাত্র তিনটি চালু ছিল। এখন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হয়েছে। গতকাল থেকে বরফকলও চালুর সিদ্ধান্ত দিয়েছে মৎস্য অধিদপ্তর।’ 

বরফ সংকট নিয়ে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে বরফকল চালুর সিদ্ধান্ত এসেছে। মঙ্গলবার রাত অথবা বুধবার জেলেরা মাছ শিকারে রওনা হতে পারবেন।’

এবার নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে জানিয়ে এ কর্মকর্তা বলেন, ‘আশা করছি এবার জেলেরা সব ধরনের মাছ আহরণ করতে পারবেন।’


আরও