দুবাই চেম্বার্সের সভাপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ সম্প্রতি দুবাই চেম্বার্সের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী লুতাহ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো জোরদার করার নানা দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে গত ৮ মে ঢাকায় দুবাই চেম্বার্সের একটি লিয়াজোঁ অফিস স্থাপনের উদ্যোগ নেয়ার জন্য দুবাই চেম্বার্সের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত। তিনি আরো স্মরণ করেন, গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর ৩৫ সদস্যের একটি ব্যবসায়িক প্রতিনিধিদল এবং দুবাই চেম্বার্সের ব্যবসায়ী নেতাদের মধ্যে সফল বিটুবি ম্যাচমেকিং ইভেন্ট আয়োজনে মোহাম্মদ আলী লুতাহর সহযোগিতা ও সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের নিবন্ধিত প্রদর্শকরা দুবাইয়ে অনুষ্ঠিত বিভিন্ন বাণিজ্য মেলা ও ব্যবসায়িক অনুষ্ঠানে অংশগ্রহণকালে যেসব ভিসা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হন, সে বিষয়ে দুবাই চেম্বার্সের সহায়তা কামনা করেন। জবাবে মোহাম্মদ আলী লুতাহ রাষ্ট্রদূতকে সব ধরনের সহযোগিতা ও সহায়তার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত তারেক আহমেদ আগামী ১–৩ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত “গ্লোবাল সোর্সিং এক্সপো–২০২৫” পরিদর্শনের জন্য দুবাই চেম্বার্সের সভাপতি ও প্রতিনিধিদের আমন্ত্রণ জানান।

আলোচনায় উভয় পক্ষ আশা প্রকাশ করেন, বর্তমান বৈশ্বিক ব্যবসায়িক প্রেক্ষাপট এবং ‘বিশ্বায়নের আঞ্চলিকীকরণ’-এর পরিবর্তিত প্রবণতার প্রেক্ষিতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতা এবং বিটুবি নেটওয়ার্কিং ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও