ছয় দেশ থেকে ২ লাখ ২৫ হাজার টন সার কিনবে সরকার

রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠানের কাছ থেকে ২ লাখ ২৫ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠানের কাছ থেকে ২ লাখ ২৫ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ২৭৭ কোটি ৯৮ লাখ ২ হাজার ৩৬০ টাকা। গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের প্রতিষ্ঠানের কাছ থেকে ৮০ হাজার টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব উপস্থাপন করা হলে তাতে সম্মতি দেয় উপদেষ্টা পরিষদ কমিটি। এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে ৪০ হাজার টন ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ১৯২ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৬৮০ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৯২ দশমিক ৩৩ ডলার। একই দামে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে ৪০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৩৯ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা। প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৩৮০ ডলার। ডিএপি ফার্টিলাইজার কোম্পানির জন্য ২০ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানির প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে ১৯৯ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকা। প্রতি টন ফসফরিক অ্যাসিডের দাম ধরা হয়েছে ৭৭৫ ডলার। চীন ও দক্ষিণ আফ্রিকার প্রতিষ্ঠানের কাছ থেকে এটি কেনা হবে।

রাশিয়া ও মরক্কোর প্রতিষ্ঠানের কাছ থেকে ৯৫ হাজার টন এমওপি ও টিএসপি সার কেনাসংক্রান্ত কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এক্ষেত্রে রাশিয়ার জেএসসি ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩৫ হাজার টন এমওপি সার কেনা হবে। এতে ব্যয় হবে ১৫২ কোটি ৬১ লাখ ৭৫ হাজার। প্রতি টন সারের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫৬ দশমিক ২৫ ডলার। মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস ও বিএসডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৬০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪০২ কোটি ৪৫ লাখ ১২ হাজার টাকা। প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৫৪৮ ডলার।

আরও