রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল মাদারীপুরের যুবকের

প্রায় ১০ মাস আগে স্থানীয় দালাল দেলোয়ার মাতুব্বর ওরফে দেলো মাতুব্বরের প্রলোভনে পড়ে ইউরোপ যাওয়ার সিদ্ধান্ত নেন সুরুজ। প্রথমে তাকে রাশিয়ায় পাঠানোর প্রস্তাব দেয়া হয়। পরে সেখানে গিয়ে স্বাভাবিক কোনো কাজে যুক্ত হওয়ার কথা থাকলেও রাশিয়ায় অবস্থানরত বাংলাদেশী দালাল জাফর আহম্মেদের মাধ্যমে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন

স্বচ্ছল জীবনের আশায় রাশিয়া গিয়েছিলেন মাদারীপুরের যুবক সুরুজ কাজী (৩৫)। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগছাড়া গ্রামের এ যুবক।

স্বজনরা জানান, প্রায় ১০ মাস আগে স্থানীয় দালাল দেলোয়ার মাতুব্বর ওরফে দেলো মাতুব্বরের প্রলোভনে পড়ে ইউরোপ যাওয়ার সিদ্ধান্ত নেন সুরুজ। প্রথমে তাকে রাশিয়ায় পাঠানোর প্রস্তাব দেয়া হয়। পরে সেখানে গিয়ে স্বাভাবিক কোনো কাজে যুক্ত হওয়ার কথা থাকলেও রাশিয়ায় অবস্থানরত বাংলাদেশী দালাল জাফর আহম্মেদের মাধ্যমে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন।

সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে গিয়ে ড্রোন হামলায় নিহত হন সুরুজ। প্রথমে বিষয়টি গোপন রাখা হলেও রাশিয়ায় থাকা তার দুই বাংলাদেশী প্রবাসী বৃহস্পতিবার বিকালে মুঠোফোনে পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানান।

সুরুজের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার বাড়িতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর ভিড় জমে। পরিবারের সদস্যরা বারবার কান্নায় ভেঙে পড়ছেন। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বৃদ্ধ বাবা-মা।

স্থানীয়রা অভিযোগ করেন, বিদেশে নেয়ার নামে বিভিন্ন দালাল তরুণদের ঝুঁকিপূর্ণ পথে পাঠিয়ে প্রতারণা করছে। তারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেয়ার দাবি জানান।

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান বলেন, নিহত সুরুজ কাজীর মরদেহ দেশে আনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক আইনি সহযোগিতা করা হবে। একইসঙ্গে তিনি বৈধ প্রক্রিয়া ছাড়া এভাবে বিদেশে না যাওয়ার পরামর্শ দেন।

আরও