সংসদ অধিবেশন কার্যকর করতে বিএনপির প্রশিক্ষণ

রুদ্ধদ্বার এ কর্মশালায় উদ্বোধনী পর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ সিনিয়র নেতারা উপস্থিত আছেন

জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ সকাল সাড়ে ১০টায় গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ কর্মশালার উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তিনি বিএনপির সংসদ সদস্যদের একটি প্রশিক্ষণ কর্মশালায় আছেন।’

রুদ্ধদ্বার এ কর্মশালায় উদ্বোধনী পর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ সিনিয়র নেতারা উপস্থিত আছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য রাখেন। কর্মশালায় আরো উপস্থিত রয়েছেন তার মেয়ে জাইমা রহমান।

কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণ বিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধি-বিধানগুলো নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হবে। অভিজ্ঞরা তাদের অভিজ্ঞতা নতুনদের কাছে তুলে ধরবেন। সরকার ও সরকারি দলের দক্ষতা বাড়ানোই এ কর্মশালার উদ্দেশ্যে বলে জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ১২ মার্চ সকাল ১১টায়। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেন।

এ অধিবেশন সামনে রেখে বিএনপি দলীয় সংসদ সদস্যদের প্রস্তুত করতেই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ সংসদ সদস্যরা এ প্রশিক্ষক কর্মশালায় সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও ভূমিকা কী হবে–তা তুলে ধরবেন।

দুই দিনের কর্মশালায় প্রথম দিনে সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ ও হুইপগণ অংশ নেন এবং বিকালের পর্বে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন।

আগামীকাল শনিবার সকালের পর্বে ঢাকা আংশিক, ময়মনসিংহ, ফরিদপুর বিভাগ এবং বিকেলে পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সদস্যরা অংশ নেবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হন, যাদের ১৪৬ জন প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন।

আরও