‘আলোকিত মানুষ চাই’; ‘মানুষ তার স্বপ্নের সমান বড়’- এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে শুরু হলো চারদিনের বইমেলা। শিশু কিশোরদের বই পড়ায় আগ্রহী করতে নেয়া হয়েছে এ উদ্যোগ।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টায় বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। বই মানুষের জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম জানিয়ে সবাইকে অন্তত একটি করে বই কেনার আহ্বান জানান তিনি। মোবাইলের প্রতি আসক্ত না হয়ে সবাইকেই বই পড়ার তাগিদ দেন তিনি। পরে ভ্রাম্যমাণ বইমেলায় রক্ষিত বিভিন্ন বই ঘুরে ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিশু থেকে শুরু করে বড়দের উপযোগী বিভিন্ন বই দিয়ে সাজানো হয়েছে মেলার সেল্ফগুলো।
প্রতিদিন দুপুর ১২টা থেকে শুরু করে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে বিপণন। আগামী ২১ আগস্ট পর্যন্ত চলবে এই মেলা। ভ্রাম্যমাণ এ বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, উপজেলা একাডেমিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী, সংগঠক জান্নাতুল নাঈমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।