মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশী শিক্ষার্থীকে কাজের সুযোগ দেয়ার জন্য 'গ্র্যাজুয়েট পাস' দেয়া হবে বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি ড. জাম্বরি আব্দুল কাদির। মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টার ডটকমের খবর।
তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের সময় এ ধরনের কোনো চুক্তি বা সিদ্ধান্ত সই হয়নি, যা মালয়েশিয়াকে ১০ হাজার বাংলাদেশী শিক্ষার্থীকে কাজ করার সুযোগ দিতে বাধ্য করবে।
কেদাহ ইন্ডাস্ট্রি এবং বিনিয়োগ, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক কমিটির চেয়ারম্যান ড. হাইম হিলমান আবদুল্লাহকে যেকোনো বিষয়ে, বিশেষ করে উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে মন্তব্য করার সময় আরো সতর্ক হওয়ার পরামর্শ দেন জাম্বরি আব্দুল কাদির।
শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে জাম্বরি বলেন, ‘শুধুমাত্র বাংলাদেশের একটি সংবাদপত্র প্রতিবেদনের ভিত্তিতে ড. হাইম হিলমান আব্দুল্লাহ অভিযোগ করেছেন যে, আমি ১০ হাজার বাংলাদেশী শিক্ষার্থীকে কাজ করার জন্য গ্র্যাজুয়েট পাস দেয়ার বিষয়ে সম্মত হয়েছি।‘ তিনি আরো বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভুল।‘
জাম্বরি অভিযোগ করে বলেন, হাইম হিলমানের এই ধরনের মন্তব্য সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন। হাইম হিলমান তার এক টিকটক ভিডিওতে দাবি করেছিলেন যে, এই সিদ্ধান্তের কারণে মালয়েশিয়ার জনগণ উদ্বিগ্ন।
উচ্চশিক্ষা মন্ত্রী বলেন, ‘একজন শিক্ষাবিদ হিসেবে তার উচিত ছিল সত্য, সঠিক এবং প্রামাণিক তথ্যের ভিত্তিতে বক্তব্য দেয়া। কোনো ধরনের অনুমান বা অবহেলা করে তথ্য ছড়িয়ে দেয়া নয়।‘ তিনি আরো বলেন, ‘একাডেমিক নীতি অনুসারে, তথ্যের সততা, নির্ভুলতা এবং সত্যতা থাকা অপরিহার্য।‘
এর আগে, হাইম হিলমান তার টিকটক অ্যাকাউন্টে ২ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিওতে দাবি করেন যে, মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশী শিক্ষার্থীকে চাকরির সুযোগ দেয়া হবে।