কক্সবাজারের সেন্টমার্টিনে জেলেদের টানা জালে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের একটি বোল মাছ। আজ শনিবার সকাল ৯টায় সেন্টমার্টিনের উত্তর বীচে হোটেল প্রাসাদ প্যারাডাইস পয়েন্টে এ মাছটি ধরা পড়ে। সেন্টমার্টিন ডেইল পাড়ার স্থানীয় বাসিন্দা রশিদ মাঝির মালিকানাধীন টানা জালে এটি ধরা পড়ে। স্থানীয় ভাষায় বোল বা ভোল মাছ নামে পরিচিত। সেন্টমার্টিন ইউপির প্যানেল চেয়ারম্যান আকতার কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে প্রাসাদ প্যারাডাইস পয়েন্টে জেলেরা টানা জাল ফেলেছিল। ঘণ্টাখানেক পর কয়েক দফা জাল টানার চেষ্টা করেন তারা। এমন সময় ছোট ছোট মাছের সঙ্গে এ বড় মাছটি জালে আটকে যায়। পরে সাগর থেকে রশি বেঁধে চরের উপরে তুলে আনেন জেলেরা। স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি সেন্টমার্টিন জেটিঘাটে নেয়া হয়।
স্থানীয় বাসিন্দা ওমর ছিদ্দিক ইমন বলেন, গেল বছরেও ঠিক এই সময়ে দ্বীপে ৯০ কেজি ওজনের একটি বোল মাছ ধরা পড়েছিল। জালের মালিক রশিদ মাঝি জানান, মাছটি সেন্টমার্টিন জেটিঘাটে এনে দাম হাঁকানো হয়েছিল ১ লাখ ৭০ হাজার টাকা। পরে স্থানীয় ব্যবসায়ী ইসমাইল ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে যায়। এরপর মাছটি ১ লাখ ৪০ হাজার টাকায় হাতবদল হয়ে সবশেষ টেকনাফে ১ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি হয়।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, স্থানীয় ভাষায় এটিকে বোল মাছ বলা হলেও এর বৈজ্ঞানিক নাম রেইয়ামেস বোলা (raiamas-bola)। বিরল প্রজাতির এ মাছটি সবসময় পাওয়া যায় না। সাধারণত এখানে এত বড় মাছ ধরা পড়েনা। তবে শীত মৌসুমে ৫ থেকে ১৫ কেজি ওজন পর্যন্ত বোল মাছ জেলেদের জালে আটকা পড়ে। তিনি আরো বলেন, সাগরের মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। তাই এখন লাভবান হচ্ছে জেলেরা।