হঠাৎ করে হুক ছিঁড়ে যাওয়ায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যাত্রীসহ নয়টি বগি। পরে সেই বগিগুলো রেখেই বাকি সাতটি বগি নিয়ে শ্রীমঙ্গলের দিকে চলে যায় সিলেট থেকে চট্টগ্রামগামী ট্রেনটি। এতে বিচ্ছিন্ন বগিগুলোয় থাকা কয়েক শতাধিক যাত্রী মাঝপথে আটকা পড়েন।
আজ শুক্রবার দুপুরের দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন জানান, সকাল ১০টার দিকে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে পাহাড়িকা এক্সপ্রেস। দুপুরে লাউয়াছড়া বনের ভেতরে পৌঁছানোর পর হঠাৎ ট্রেনের নয়টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ওই বগিগুলো রেখে ইঞ্জিনসহ বাকি সাতটি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গলের দিকে চলে যায়।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড় প্রসাদ দাস পলাশ জানান, দুপুর আনুমানিক ২টার দিকে পাহাড়িকা এক্সপ্রেস ভানুগাছ স্টেশন অতিক্রম করে। স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে যাওয়ার পর যাত্রীসহ নয়টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ইঞ্জিনসহ অবশিষ্ট বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গলের দিকে চলে যায়।
তিনি জানান, বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল থেকে পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন এনে লাউয়াছড়ায় থাকা নয়টি বগি নিয়ে যাওয়া হয়।