জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক নাহরিন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগের কথা জানানো হয়। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাপক নাহরিন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তার পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা সরকার নির্ধারণ করবে।
অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ২২(১)(জি) ও ২২(৩) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক নাহরিন ইসলাম খানকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন দেয়া হয়েছে।