আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এটি বিএনপির জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি পক্ষ প্রচার করছে। যারা প্রচার করছে তাদের কোনো আদর্শ নেই। তারা নতুন নতুন বয়ান বাজারে ছড়াচ্ছে। বিএনপি আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের দ্বারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল। বেগম খালেদা জিয়াসহ দলের সব স্তরের নেতাকর্মী জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন।
শনিবার (২২ মার্চ) চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিমুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ অন্যান্যরা।
আমীর খসরু বলেন, শেখ হাসিনাসহ যারা অপরাধে জড়িত তাদের বিচার হোক। আমরা অন্তর্বর্তী সরকারকে দ্রুত বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য বলেছি। বিএনপি বিচারহীনতার সংস্কৃতি বিশ্বাস করে না। এখন যারা সরকারে রয়েছে, তারা জনগণের ভোটে নির্বাচিত না। আমরা প্রত্যেকটা দিন গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ছাড়া অতিবাহিত করছি। তাই নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। বিএনপি নেতাকর্মীদের কারো বিরুদ্ধে অভিযোগ ওঠামাত্র বহিষ্কার করা হচ্ছে। পরে তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে ২ হাজারের কাছাকাছি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ পেলে প্রথমেই কোনোরকম তদন্ত ছাড়া বহিষ্কার করা হচ্ছে। পরবর্তীতে অপরাধের সঙ্গে জড়িত না বলে প্রমাণ পাওয়া গেলে তাদের দলে ফেরানো হচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি যারা অপরাধে জড়িত, তারা যে দলেরই হোক আইনি ব্যবস্থা নেয়ার জন্য।