গাজীপুর মহানগরীর কাশিমপুরের পশ্চিম শৈলডুবিতে ডিবিএল কারখানা ও সুপ্রিম স্ট্রিচ লিমিটেডের গুদামে গতকাল অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের সদস্যরা সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল সোয়া ১০টার দিকে ডিবিএল কারখানার সুতার গুদামে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। পরে পাশের সুপ্রিম স্ট্রিচ লিমিটেডের কার্টন রাখা গুদামেও আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রথমে কাশিমপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তী সময়ে ডিবিএলের একটি, ইপিজেডের তিনটি, ভোগরা ফায়ার সার্ভিসের দুটিসহ মোট নয়টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করে। আগুনে স্টিল স্ট্রাকচারের শেড ভেঙে পড়ে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, ‘আমরা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ফায়ার ফাইটিং টেকনিকে আগুন ঘিরে ধরেছিলাম। ফলে আগুন গুদামের বাইরে বের হতে পারেনি। তবে তীব্র বাতাস ও পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক কাজী নজমুজ্জামান জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা সম্ভব হচ্ছে না। ডাম্পিং কার্যক্রম শেষে তদন্ত কমিটি গঠন করা হবে। পরে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারব। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।