বাকৃবিতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দেশের সব বিভাগে বিশেষায়িত পশু হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে

দেশের প্রতিটি বিভাগে একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার বিষয়ে ‎সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

গতকাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এসব কথা বলেন তিনি।‎

‎তিনি বলেন, ‘একসময় ভেটেরিনারিয়ানদের মানুষ এত গুরুত্ব দিত না। এখন পরিধি বেড়েছে। এ সেক্টরে যত গবেষণা হবে, তত উন্নত হবে। খাদ্যের নিরাপত্তা দিতে চাইলে পশুটি সঠিক, রোগমুক্ত ও খাওয়ার উপযোগী কিনা সেটি নিশ্চিত করতে হবে। এখন মানুষ খাদ্যনিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছে। মানুষ সচেতন হলে খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে।’‎

‎তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এ সেক্টরে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। তিনি প্রতিনিয়ত সারা দেশে খোঁজ রাখেন। আমি বলতে চাই, এ সেক্টরকে এগিয়ে নিতে যা করণীয়, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ নেব।’‎

ভেটেরিনারিয়ানদের কর্মসংস্থানের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি এরই মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, অর্থমন্ত্রী ও অর্থ সচিবের সঙ্গে কথা বলেছি এবং প্রধানমন্ত্রীকে অবহিত করে আপনাদের চাকরির সুব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। এছাড়া ফিশারিজ সেক্টরেও প্রায় ৫০০টি পদের অনুমোদন হয়েছে।’‎

‎বিএসভিইআর বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে। ‘ট্রান্সলেটিং ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনটু সাসটেইনেবল লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল হেলথ’ প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী চলবে এ আয়োজন।

‎সম্মেলনে মূল দুদিন (৮ ও ৯ আগস্ট) মোট ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপিত হবে, যার মধ্যে ১১৬টি মৌখিক এবং ২০২টি পোস্টার উপস্থাপনা।

এবারের সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ৬৫০ গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ভেটেরিনারিয়ান অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক রবিন এল্ডার্স মূল প্রবন্ধ উপস্থাপন করেন।‎

‎উদ্বোধনী অনুষ্ঠানে বিএসভিইআর সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক ড. সুকুমার সাহার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সম্মানিত অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।‎

‎সম্মেলনে ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. এম ময়নুদ্দিনকে বার্ষিক লেকচার অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়।‎

‎আয়োজকেরা জানান, ভেটেরিনারি শিক্ষা ও গবেষণার ফলাফলকে টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন এবং বৈশ্বিক স্বাস্থ্যের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করাই এবারের সম্মেলনের মূল লক্ষ্য। সম্মেলনে ভেটেরিনারি শিক্ষা, প্রাণিস্বাস্থ্য, প্রাণিসম্পদ উৎপাদন, রোগনিয়ন্ত্রণ, গবেষণা ও বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ে শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে জ্ঞান এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

আরও