ভারতে পাচারের সময় সাতক্ষীরায় স্বর্ণের বারসহ নারী আটক

বুধবার (২৫ জুন) সকালে সদর উপজেলার আলীপুর মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

ভারতে পাচারের সময় সাতক্ষীরায় ছয়টি দেশীয় স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ জুন) সকালে সদর উপজেলার আলীপুর মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক নারীর নাম নাসরিন নাহার (৩০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা টাওয়ার এলাকার ইমাম হোসেনের স্ত্রী। তার কাছ থেকে ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম ওজনের ছয়টি দেশী তেজাবি (হাতপাকা) স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৭৬ লাখ ৬৪ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা সীমান্তের দিকে আগে থেকেই তাদের নজরদারি ছিল। তাই সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীন বাঁকাল চেকপোস্টের হাবিলদার শাহীন আহমেদের নেতৃত্বে একটি দল আলীপুর এলাকায় অবস্থান নেয়। সকালবেলা ভোমরার দিকে যাওয়ার সময় সন্দেহভাজন হিসেবে নাসরিন নাহারকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তখন তার কাছ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক নারীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে উদ্ধার করা স্বর্ণ ট্রেজারিতে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান চলবে।

আরও