কক্সবাজারে পাহাড় কাটার মামলায় মাঝি খালেক গ্রেফতার

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, অবৈধভাবে পাহাড় কাটার ঘটনায় দায়ের করা দুটি মামলায় খালেক মাঝিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি খালেক মাঝিকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত ৮টার দিকে কক্সবাজার পৌরসভার বাহারছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার খালেক মাঝি কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মধ্যম কলাতলী এলাকার মৃত মীর কাশেমের ছেলে।

পুলিশ জানায়, গতকাল সকালে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিকাশ বিল্ডিং-সংলগ্ন এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ ওঠে। এতে পাহাড়ের ভূমির শ্রেণি পরিবর্তনের পাশাপাশি পরিবেশের ক্ষতিসাধন করা হচ্ছিল বলা হয়।

এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ বাদী হয়ে ইমারত নির্মাণ আইন এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। মামলা দুটির পর অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, অবৈধভাবে পাহাড় কাটার ঘটনায় দায়ের করা দুটি মামলায় খালেক মাঝিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড রোধে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

আরও