তরুণ উদ্যোক্তাদের জন্য জাতীয় ডিজিটাল প্লাটফর্মের উদ্বোধন ১৪ জুলাই

দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ একটি শক্তিশালী ও টেকসই স্টার্টআপ পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। এছাড়াও প্রাথমিক আইডিয়া থেকে শুরু করে প্রশিক্ষণ, মেন্টরিং, অনুদান, বিনিয়োগ সংযোগ এবং ব্যবসা সম্প্রসারণসহ একজন উদ্যোক্তার পুরো যাত্রাপথে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে

তরুণদের নতুন চিন্তাকে বাস্তব ব্যবসায় রূপ দেয়া, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে ১৪ জুলাই একটি বিশেষ অনুষ্ঠান হতে যাচ্ছে। ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ একটি শক্তিশালী ও টেকসই স্টার্টআপ পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। এছাড়াও প্রাথমিক আইডিয়া থেকে শুরু করে প্রশিক্ষণ, মেন্টরিং, অনুদান, বিনিয়োগ সংযোগ এবং ব্যবসা সম্প্রসারণসহ একজন উদ্যোক্তার পুরো যাত্রাপথে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

এ উদ্যোগকে আরো গতিশীল করা এবং সরকারি সহায়তা কার্যক্রমকে এক জায়গায় নিয়ে আসার উদ্দেশ্যে এ বিশেষ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দেশের তরুণ, শিক্ষার্থী, গবেষক, উদ্ভাবক, নারী উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের মধ্যে একটি কার্যকর যোগাযোগ তৈরি হবে। অনুষ্ঠানে একটি স্টার্টআপের আইডিয়া থেকে শুরু করে বৈশ্বিক বাজারে প্রবেশের সম্পূর্ণ প্রক্রিয়াটি তুলে ধরা হবে।

এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্লাটফর্ম’ উদ্বোধন করা হবে। এটি নতুন উদ্যোক্তাদের জন্য একটি জাতীয় ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে।

প্লাটফর্মটির মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং ও বিনিয়োগের সুযোগসহ বিভিন্ন সেবা একটি একক ডিজিটাল প্লাটফর্ম থেকেই পাবেন। এর ফলে সেবাপ্রাপ্তি অনেক সহজ হবে এবং একটি কার্যকর জাতীয় স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠবে।

নতুন প্রজন্মের উদ্যোক্তা তৈরির মাধ্যমে তরুণ ও নারীর উদ্ভাবনী শক্তিকে অর্থনৈতিক অগ্রগতির মূলধারায় যুক্ত করা এখন জাতীয় অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে বর্তমান সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

এরই মধ্যে সম্ভাবনাময় নতুন উদ্যোক্তাদের অর্থায়ন ও বিকাশের জন্য ৫০০ কোটি টাকার একটি স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে। এ তহবিলটি উদ্ভাবনী উদ্যোগের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, এ আয়োজনটি দেশের উদ্ভাবনী সম্ভাবনা, সরকারি সহায়তা এবং বিনিয়োগের সুযোগকে একই মঞ্চে তুলে ধরার একটি বড় উদ্যোগ।

বিভাগটি দেশের তরুণদের নতুন উদ্ভাবনের সাহস নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। তাদের মতে, আজকের একটি ছোট উদ্ভাবনী ভাবনাই আগামী দিনের বিশ্বমানের বাংলাদেশী প্রতিষ্ঠানের ভিত্তি হতে পারে। একই সঙ্গে উদ্যোক্তাদের সফলতার পথে এগিয়ে যেতে সরকারের এ সমন্বিত জাতীয় ডিজিটাল প্লাটফর্মটি ব্যবহার করার জন্য বলা হয়েছে।

আরও