বঙ্গবন্ধু সাফারি পার্কে এবার লেমুরের মৃত্যু

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকান প্রাণী লেমুর মারা গেছে। মারা যাওয়া লেমুরটি ছিল মাদি। আজ রোববার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম।

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরো একটি প্রাণীর মৃত্যু হয়েছে। এবার মারা গেছে আফ্রিকান প্রাণী লেমুর। মারা যাওয়া লেমুরটি ছিল মাদি। আজ রোববার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম।

তিনি জানান, গত শুক্রবার বিকেলে লেমুরটিকে বেস্টনীতে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লেমুরটি হৃদরোগে মারা গেছে। পার্কে মোট চারটি লেমুরের মধ্যে একটি মারা গেল। তবে বাকি তিনটি লেমুর সুস্থ অবস্থায় আছে বলে জানান তিনি।

শুক্রবার বিকেলেই মৃত লেমুরটির ময়নাতদন্ত শেষ করে মাটি চাপা দেয়া হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক পার্কের এক কর্মকর্তা জানিয়েছেন।

এর আগে গত জানুয়ারি মাসে সাফারি পার্কটিতে ১১টি জেব্রা ও একটি সিংহের মৃত্যু হয়। এ ঘটনায় পার্কের বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলী করা হয়েছে।

২০১৮ সালের ৬ আগস্ট রাতে পাচার করার সময় লাভবার্ড, কাকাতুয়া, ম্যাকাও, ময়ুর, লেমুরসহ ২০২ জোড়া বিপন্ন পাখি ও বন্যপ্রাণী উদ্ধার করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এসব প্রাণী উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ ও ঢাকা কাস্টমস্ হাউস কর্তৃপক্ষ। পরে তা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট উদ্ধার হওয়া পাখি ও প্রাণীগুলোকে পরদিন ৭ আগস্ট সকালে সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে। সে বছরই উদ্ধার হওয়া লেমুরটি দেশে প্রথম বারের মতো সন্তান জন্ম দিয়েছিল।

আরও