দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে হঠাৎই মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ শুক্রবার দুপুরে এ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত তিনদিন ধরে এ তাপপ্রবাহের কারণে অসহনীয় গরম অনুভূত হচ্ছে গোটা অঞ্চলে।
জানা গেছে, তিনদিন ধরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হতে শুরু করছে চুয়াডাঙ্গার জনপদ। প্রখর তাপ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জীবিকার তাগিদে তীব্র গরম আর রোদে পুড়েই কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষদের। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ শুক্রবার দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ। এদিন দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৩৯ শতাংশ।
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৫ শতাংশ। এদিন দুপুর ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ।
তারও আগে বুধবার দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৮ শতাংশ। আগামী কয়েকদিন এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি।