১৪২তম জন্মবার্ষিকীতে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শ্রদ্ধা নিবেদন শেষে সাকি বলেন, এ অঞ্চলের গণতান্ত্রিক, মানবিক, অসাম্প্রদায়িক ও জনগণের সাম্যাকাঙ্ক্ষী রাজনীতির সত্যিকারের প্রতিভূ মওলানা হামিদ খান ভাসানী।
আজ সোমবার (১২ ডিসেম্বর) গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের আলোচনায় সাকি আরো বলেন, অবিভক্ত বাংলার মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মওলানা ভাসানী। পরে দলগুলো জনগণের বৃহত্তর স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিলে সেখান থেকে পদত্যাগ করেন তিনি। জনগণের বৃহত্তর স্বার্থেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।
ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তান আন্দোলন এবং বাংলাদেশের স্বাধিকার-স্বায়ত্তশাসনের আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সার্বভৌমত্বের সংগ্রামে ভাসানী ছিলেন অন্যতম প্রধান নেতৃত্ব। আর এ কারণেই ভাসানীর রাজনীতিকে তারা ময়দানের প্রধান ধারা মনে করেন বলে জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী।
এ সময় বর্তমান সরকার জনগণের ভোটাধিকার এবং মানবাধিকার হরণ করেছে বলেও মন্তব্য করেন সাকি। তিনি বলেন, এ অবস্থায় সরকারকে পদত্যাগে বাধ্য করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসনকাঠামো বাস্তবায়ন করতে হবে।
সাকি বলেন, মওলানা ভাসানীর জন্মদিনে আমরা তার মতো করে জালেম সরকারের প্রতি ‘খামোশ’ উচ্চারণ করে জনগণের বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলন গড়ার অঙ্গীকার ও দৃঢ় শপথ নিচ্ছি।