জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সংগ্রহ এবং কার্বন ক্রেডিট ও কার্বন ট্রেডিং কার্যক্রমকে সমন্বিত কাঠামোর আওতায় আনতে ২৫ সদস্যের ‘জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটি’ (ন্যাশনাল কমিটি অন ক্লাইমেট ফাইন্যান্স—এনসিসিএফ) গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে গঠিত এ কমিটি জলবায়ু অর্থায়ন সংক্রান্ত জাতীয় নীতি ও কৌশল নির্ধারণের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে কাজ করবে।
গতকাল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কমিটির সভাপতি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে সহসভাপতি এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজকে সমন্বয়ক করা হয়েছে। কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন মন্ত্রণালয়ের সচিব।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট ও কার্বন ট্রেডিং বিষয়ে জাতীয় নীতি, কৌশল ও অগ্রাধিকার নির্ধারণ। পাশাপাশি প্যারিস চুক্তির আর্টিকেল ৬ বাস্তবায়ন, আন্তর্জাতিক জলবায়ু তহবিল সংগ্রহ, সংশ্লিষ্ট প্রকল্পের পরিবীক্ষণ এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করবে কমিটি।
কার্বন ট্রেডিং কার্যক্রম পরিচালনার নীতিগত দিকনির্দেশনা প্রদান এবং আর্টিকেল ৬ বাস্তবায়নে মনোনীত জাতীয় কর্তৃপক্ষ বা ডেজিগনেটেড ন্যাশনাল অথরিটির কার্যক্রমও তত্ত্বাবধান করবে জাতীয় কমিটি।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম; প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এসএম জিয়াউদ্দিন হায়দার এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।
এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং স্থানীয় সরকার বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবরা কমিটির সদস্য। জাতীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সংস্থার মধ্যে সমন্বয়ের জন্য ৩২ সদস্যের ‘জলবায়ু অর্থায়ন সম্পর্কিত বাস্তবায়ন কমিটি’ও গঠন করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এ কমিটির সভাপতি এবং ড. সাইমুম পারভেজ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিবেশ মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন অনুবিভাগের অতিরিক্ত সচিব সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
এদিকে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘পরিবেশ সুরক্ষা, সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সমন্বয়ের মাধ্যমে পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তুলতে পারলেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।’
তিনি বলেন, ‘বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা, দাবদাহ ও খরাসহ বিভিন্ন জলবায়ুজনিত দুর্যোগের তীব্রতা বাড়ছে। বাংলাদেশের মতো উপকূলীয় ও নিম্নাঞ্চলীয় দেশের জন্য এসব ঝুঁকি গভীর উদ্বেগের বিষয়।’