চট্টগ্রাম-১৩ আসনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন পোলিং এজেন্ট রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আনোয়ারা উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক গ্রামের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অদূরে এ ঘটনা ঘটে।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এখন সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহতরা ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থীর সমর্থক। আহতরা হলেন, শাহাদাত (৪৫), মুনতাসির (২২), একরাম (২৫), আরিফ (৩১), মো. রুবেল ও আসিফুল ইসলাম। গুরুতর আহত পোলিং এজেন্ট মো. রুবেল ও আসিফুল ইসলামকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় অবস্থান করছে। এ সংঘর্ষের ঘটনা ঘটেছে ভোটকেন্দ্র থেকে খানিকটা দূরে। ভোটকেন্দ্রে এর কোনো প্রভাব পড়েনি বলে জানান তিনি।