নির্বাচন কাভারেজে সাংবাদিকদের জন্য প্রণীত আচরণবিধিতে অসংগতি রয়েছে দাবি করে নির্বাচন কমিশনের (ইসি) কাছে লিখিত সুপারিশপত্র দিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। সেখানে বৈঠকে ইসি তাদের প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বিজেসি চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজা।
রোববার (৯ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে সংগঠন দুটি ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে প্রিজাইডিং অফিসারকে অবহিত করার বাধ্যবাধকতা ও ১০ মিনিট থাকার সীমা তুলে নেয়ার দাবি জানায়। তারা বলেন, এসব ধারা সাংবাদিকদের পেশাগত স্বাধীনতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এ ছাড়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাস্তির বিধান যুক্ত করা, সরাসরি সম্প্রচারে দায়িত্বশীলতা বজায় রাখা ও আচরণবিধি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও প্রযোজ্য করার দাবি জানানো হয়।