খুলনায় মো. শামীম (৩৫) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে তিন তলা ভবনের বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। শনিবার (২৩ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা আঠারো মাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে তিন তলা ভবনে তার গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে ওই ভবনে ভাড়া থাকতেন শামীম। তিনি সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফফার শেখের ছেলে। স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।
ডুমুরিয়া থানার ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।