পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে আরো ১০ জন। শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে সেতুর ওপরের মাওয়া প্রান্তের দুই নম্বর পিলারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বাস যাত্রী রাকিব সমাদ্দার নামের একজন ও অজ্ঞাত আরো একজন নিহত হয়েছেন। রাকিব সমাদ্দার খুলনা সদরের বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সেতুর দুই নম্বর পিলারের কাছে খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে বাসের অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন।
পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা.মনিরা সুলতানা জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
গুরুতর আহতরা হলেন—গোপালগঞ্জের বাসিন্দা মিলটন (২৫), খুলনা জেলার বাসিন্দা আয়শা সিদ্দিক (১০), শেখ আনিছুর জামান, মো. মামুন, আজাদ গাজী, মো. হাবিব শেখ ও আরিফুল শেখ।
পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, শরিয়তপুরের জাজিরা থেকে ড্রামে তেল বোঝাই করে ট্রাকটি মাওয়ার পথে আসছিল। এ সময় সেতুর ওপরে ২নং পিলারের কাছে পৌঁছালে হঠাৎ ট্রাকটি বিকল হয়ে বন্ধ হয়ে যায়। এ সময় একই লেনে থাকা খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহের যাত্রীবাহী বাসটি পেছন থেকে এসে সজোরে ধাক্কা দেয় ট্রাকটিকে। এতে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনে অংশ। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের। আহত হয় বেশ কয়েকজন। পরে খবর পেয়ে সেতু কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে অংশ নেয়। আহতদের মধ্য থেকে ১০ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে মৃত্যু হয় আরো একজনের।
এদিকে, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি রাতে পদ্মা সেতু থেকে সরিয়ে নেয়ার পরে যান চলাচল স্বাভাবিক হয় সেতুর ঢাকামুখী লেনে।
বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করে, পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যাত্রীবাহী বাস ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।