বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বস্ত্রখাত ও বস্ত্রশিল্প বিকাশের প্রধান পৃষ্ঠপোষক। তার প্রত্যক্ষ নির্দেশনা ও অনুপ্রেরণায় বস্ত্রখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন ও বিকাশ ঘটেছে। আজ বুধবার (১ মার্চ) বিকালে বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘১৯তম ঢাকা আন্তর্জাতিক ফেবরিক শো ২০২৩’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, করোনা মহামারির সময়ে প্রধানমন্ত্রী বস্ত্র খাতসহ সব ব্যবসায়ীদের মাঝে আর্থিক প্রণোদনা ঘোষণা করেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে শিল্প প্রতিষ্ঠান খোলা রাখার পক্ষে সাহসী সিদ্ধান্ত নেন। ফলে বিশ্বজুড়ে চরম অর্থনৈতিক মন্দার সময়ও দেশের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
বস্ত্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নকে বাস্তব করতে জাতিকে ঐক্যবদ্ধ করে শিল্পসমৃদ্ধ উন্নত সোনার বাংলা গড়ার পথে অগ্রসর হচ্ছেন। এ লক্ষ্যে তিনি রূপকল্প ঘোষণা করে বাংলাদেশকে সমৃদ্ধির কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের কমার্শিয়াল কাউন্সিলর সং ইয়াং, বিজেএমইএ-এর সহ-সভাপতি মো. শহীদুল আজিম, বিকেএমইএ-এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।