প্রভিডেন্ট ফান্ডের বকেয়া পরিশোধের দাবি

শ্রীমঙ্গলে তিন চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৭ মাসের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করেছেন তিনটি চা বাগানের শ্রমিকরা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৭ মাসের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করেছেন তিনটি চা বাগানের শ্রমিকরা। সাতগাঁও টি কোম্পানির আওতাধীন সাতগাঁও, মাকড়িছড়া ও ইছামতী চা বাগানের শ্রমিক গতকাল দ্বিতীয় দিনের মতো ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেন। ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা কারখানার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা ভবিষ্যৎ তহবিলে জমা দেয়া হচ্ছে না। উপপরিচালক (ডিডিএল) কার্যালয়ে একাধিকবার আলোচনা হলেও মালিকপক্ষ আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করে যাচ্ছে।

সাতগাঁও চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সুদীপ কৈরী জানান, ১৭ মাস ধরে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা হয়নি। এর আগেও ৯ মাসের বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে কাগজপত্রে স্বাক্ষর করা হলেও তা বাস্তবায়ন করা হয়নি। শ্রমিকদের সীমিত আয়ের এ প্রভিডেন্ট ফান্ডই তাদের একমাত্র সঞ্চয়। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন এবং এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরা বলেন, ‘নয় মাস বকেয়ার সময় ব্যবস্থাপক তিন মাসের মধ্যে টাকা পরিশোধের লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন প্রায় ১৭ মাস পার হয়ে গেছে, তবুও বকেয়া রয়ে গেছে। মালিকপক্ষের টালবাহানা বন্ধ না হলে শ্রমিকরা আরো কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।’

এ বিষয়ে সাতগাঁও চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, ‘ধাপে ধাপে প্রভিডেন্ট ফান্ডে টাকা পাঠানো হচ্ছে এবং জানুয়ারির মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।’

আরও