নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম (৭০) নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন সাকিব মিয়া (২৩), ইলিয়াছ মিয়া (৩৫), বিল্লাল মিয়া (২৫), দ্বীন ইসলাম (২৬) ও রিফাত মিয়া (২০)।
এর আগে, গত শনিবার (৪ জুলাই) রাত ২টার দিকে রেলস্টেশনের পরিত্যক্ত একটি কক্ষে ঘুমিয়ে থাকা ববি বেগমকে মারধরের করে তার দীর্ঘদিনের জমানো টাকা লুট করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। হামলায় তার চোখ, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। এর তিনদিন পর মঙ্গলবার রাতে অসুস্থবোধ করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থা আরো খারাপের দিকে গেলে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে রাত সোয়া ১টায় অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, ভৈরব রেলওয়ে থানায় মামলা হওয়ার পর থেকে আসামিদের গ্রেফতারে অভিযান চলছিল। অপরাধীদের শনাক্তে ঘটনাস্থল ও আশপাশের কিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। এরপর গতকাল সকাল থেকে ভৈরব রেলওয়ে থানা পুলিশ, নরসিংদীর র্যাব–১১ ও রেলওয়ে গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে নামে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, দ্বীন ইসলাম ও রিফাত মিয়াকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আর অন্য তিনজনকে মেথিকান্দা রেলস্টেশনের আশেপাশের এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
রেলওয়ে পুলিশ স্টেশন কর্তৃপক্ষ জানায়, ববি বেগম বিনা বেতনে প্ল্যাটফর্ম ঝাড়ু দেয়া ও শৌচাগার পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করতেন। স্টেশন ও আশপাশের মানুষসহ অনেক যাত্রী তাকে চিনতেন। কেউ খাবার দিতেন, কেউ টাকা দিয়ে সহযোগিতা করতেন।