উয়ারী-বটেশ্বর স্মরণে ডাক বিভাগের স্মারক সামগ্রী প্রকাশ

প্রকাশনার মধ্যে রয়েছে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড

দেশের প্রাচীন ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন উয়ারী-বটেশ্বরকে পরিচিত করতে বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে দেশ-বিদেশে তুলে ধরার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, আজ সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম তার অফিসকক্ষে এসব স্মারক সামগ্রীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ প্রকাশনার মধ্যে রয়েছে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড।

উদ্বোধনের সময় মন্ত্রী বলেন, উয়ারী-বটেশ্বর বাংলাদেশের ইতিহাস ও সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই স্মারক ডাকটিকিট ও বিভিন্ন প্রকাশনার মাধ্যমে দেশের সমৃদ্ধ ঐতিহ্য যেমন নতুন প্রজন্মের কাছে পৌঁছাবে, তেমনই আন্তর্জাতিক পরিমণ্ডলেও উয়ারী-বটেশ্বরের পরিচিতি আরো বিস্তৃত হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

আরও