ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়ের দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার নির্বাচন ভবনে ফল ঘোষণা সমাপ্তির পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ দাবি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ‘বিজয়ী’ শব্দ ব্যবহার না করলেও বিভিন্ন সূত্রে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিএনপি নিশ্চিত হয়েছে যে তারা দুই-তৃতীয়াংশের বেশি আসনে এগিয়ে রয়েছে। জোটের শরিক দলগুলোর প্রার্থীরাও উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়ী হয়েছেন বলে দাবি করেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, জনগণ আগামী পাঁচ বছরের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করেছে।
আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সংবাদমাধ্যমকেও ধন্যবাদ জানান। তার ভাষায়, সংবাদকর্মীদের মাধ্যমে দলের কর্মসূচি ও পরিকল্পনা জনগণের কাছে পৌঁছেছে বলেই এ সমর্থন মিলেছে। নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে তিনি বলেন, শতভাগ সন্তুষ্টি সম্ভব না হলেও অতীতের অনেক নির্বাচনের তুলনায় সহিংসতা কম হয়েছে।
সে সঙ্গে তিনি বলেন, ভোটার উপস্থিতি আরো বেশি হতে পারত। দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেয়ার যে প্রবণতা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে আমরা তা পুরোপুরি ফিরিয়ে আনতে পারিনি। আমরা আশা করি, আগামী দিনে মানুষকে ভোটের প্রতি আরো আগ্রহী করতে পারব, যাতে সব মানুষই ভোট কেন্দ্রে আসে।
চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল আদালতের নির্দেশনায় ঘোষণা হয়নি উল্লেখ করে তিনি জানান, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন চূড়ান্ত ফল প্রকাশ করবে। অভিযোগের বিষয়ে তিনি বলেন, কেউ অনিয়মের অভিযোগ তুললে তা প্রমাণের দায়িত্ব তারই।