বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্য বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্য আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। তার বক্তব্য বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয়। বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করা এমন সব ভুল, অতিরঞ্জিত কিংবা উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি কিছু বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনাকে পদ্ধতিগতভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়ন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। এসব ঘটনাকে ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশবিরোধী মনোভাব উসকে দিতে অপব্যবহার করা হচ্ছে। কিছু মহলে স্পষ্টতই একটি নির্বাচিত ও পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হচ্ছে, যেখানে বিচ্ছিন্ন ঘটনাগুলোকে অতিরঞ্জিত ও বিকৃতভাবে প্রচার করে ভারতীয় জনগণকে বাংলাদেশ, বাংলাদেশের কূটনৈতিক মিশন এবং অন্যান্য স্থাপনার বিরুদ্ধে উসকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে ব্যক্তির উদাহরণ দিয়েছেন— তিনি একজন তালিকাভুক্ত অপরাধী ছিলেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদাবাজির সময় তার মুসলিম সহযোগীর সঙ্গে সংঘটিত ঘটনায় ওই ব্যক্তির দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটে। পরবর্তীতে তার সহযোগীকে গ্রেফতার করা হয়। এ অপরাধমূলক ঘটনাকে সংখ্যালঘু নির্যাতনের প্রেক্ষাপটে উপস্থাপন করা বাস্তবসম্মত নয়, বরং বিভ্রান্তিকর।
পারস্পরিক আস্থা ক্ষুণ্ন করে এমন বিভ্রান্তিকর বর্ণনা ও প্রচারণা থেকে বিরত থাকতে বিজ্ঞপ্তিতে আহবান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়