লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নাতি-নাতনিসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানোরা হলেন বৃদ্ধ আবু সিদ্দিক (৭০), তার নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার(৬)। এর মধ্যে পিয়াস আবু সিদ্দিকের ছেলে আব্দুল আজিজের সন্তান ও পপি তার মেয়ে সুমি আক্তারের সন্তান।
স্থানীয়রা জানায়, এদিন দুপুরে আবু সিদ্দিক তার নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। পরে পানিতে নেমে ডুব দেন আবু সিদ্দিক। কিন্তু দীর্ঘক্ষণ পরও তিনি পানির নিচ থেকে উঠে আসেননি। একপর্যায়ে পিয়াস ও পপি তাকে খুঁজতে শুরু করে এবং পানিতে ডুবে যায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, আবু সিদ্দিক পানিতে ডুব দিয়ে স্ট্রোক করেছেন। যার কারণে তিনি ডুব দিলেও আর উঠতে পারেননি। পরে তাকে বাঁচাতে গিয়ে নাতি-নাতনিও পানিতে ডুবে মারা গেছে।
শাকচর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, একই পরিবারের তিনজন মারা যাওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।