নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের ফোনালাপ, সহায়তার প্রস্তাব বাংলাদেশের

নেপালের এ কঠিন সময়ে দেশটির সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ সংহতির কথাও জানান ড. খলিলুর রহমান। একইসঙ্গে নেপালের প্রয়োজন অনুযায়ী যেকোনো সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে নেপালের প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে বাংলাদেশ।

আজ সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালকে ফোন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এসময় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নেপালে সংঘটিত ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি।

ড. খলিলুর রহমান এ ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, স্বজন হারানো পরিবারগুলোর প্রতি বাংলাদেশের মানুষের চিন্তা ও প্রার্থনা রয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো বাংলাদেশী নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এমন কোনো দুঃখজনক ঘটনা শনাক্ত হলে বাংলাদেশকে জানাতে নেপাল সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

নেপালের এ কঠিন সময়ে দেশটির সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ সংহতির কথাও জানান ড. খলিলুর রহমান। একইসঙ্গে নেপালের প্রয়োজন অনুযায়ী যেকোনো সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

জবাবে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল এ কঠিন সময়ে বাংলাদেশের উষ্ণ সংহতি ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো দুর্যোগে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণ করছে। পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষে প্রয়োজন নির্ধারণ করা হলে নির্দিষ্ট সহায়তার বিষয়ে বাংলাদেশকে জানানো হবে।

এসময় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত শোকবার্তাও পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আরও