এনবিআর চেয়ারম্যান

জুলাই থেকে আগামী অর্থবছরের আয়কর রিটার্ন দেয়া যাবে অনলাইনে

এনবিআর চেয়ারম্যান বলেন, গতকাল পর্যন্ত মোট ১৭ লাখ আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করা হয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৫ লাখ।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, চলতি বছরের জুলাই মাস থেকে আগামী অর্থবছরের ব্যক্তিগত আয়কর রিটার্ন অনলাইনে দেয়া যাবে।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে ‘প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও ভ্যাট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, গতকাল পর্যন্ত মোট ১৭ লাখ আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করা হয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৫ লাখ।

তিনি বলেন, গত বছরের সেপ্টেম্বরে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া শুরু হওয়ার পর এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন। আগেভাগে শুরু করা এই পদক্ষেপের লক্ষ্য সময়মতো আয়কর রিটার্ন দাখিল করতে উৎসাহিত করা এবং কর সম্মতি প্রক্রিয়া সহজ করা।

এ সময় তিনি কর ব্যবস্থায় স্বেচ্ছায় সম্মতি এবং স্বচ্ছতা বৃদ্ধির জন্য ডিজিটাল অবকাঠামো এবং করদাতাদের পরিষেবা বৃদ্ধির জন্য এনবিআরের চলমান প্রচেষ্টার কথাও তুলে ধরেন। বলেন, আমরা একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় রাজস্ব ব্যবস্থা তৈরির জন্য কাজ করছি যেখানে করদাতাদের আর কর অফিসে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে না।

এনবিআর কর্মীদের চলমান আন্দোলন প্রসঙ্গে আবদুর রহমান বলেন, এনবিআর সংস্কারে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে, তা নিয়ে আমাদের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে অনেক দ্বিমত এসেছে। সেগুলো অ্যাড্রেস করে জুলাইয়ের মধ্যে একটা এমেন্ডমেন্ট করার ঘোষণা আমাদের অর্থ উপদেষ্টা দিয়েছেন।

তিনি বলেন, আজ এনবিআর কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসবে সরকার। এই আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত আমরা পাবো বলে আশা করছি।

ইয়ুথ পলিসি নেটওয়ার্ক এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা।

আরও