মেহেন্দীগঞ্জে সালিসে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩

স্থানীয় বাসিন্দারা জানান, ঘর নির্মাণের মজুরি বাবদ ৫০ হাজার টাকা পাওনা নিয়ে জাহাঙ্গীর হাওলাদারের পরিবারের সঙ্গে খোরশেদ সিকদারের পরিবারের বিরোধ ছিল।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। রোববার বিকালে মেহেন্দীগঞ্জ পৌর এলাকার দক্ষিণ চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘর নির্মাণের মজুরি বাবদ ৫০ হাজার টাকা পাওনা নিয়ে জাহাঙ্গীর হাওলাদারের পরিবারের সঙ্গে খোরশেদ সিকদারের পরিবারের বিরোধ ছিল।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, খোরশেদ সিকদারকে (৬৫) ঘিরে কয়েকজন মারধর করছেন। কাছেই দাঁড়িয়ে থাকা তিন পুলিশ সদস্য তাদের থামানোর চেষ্টা করছেন। তবে তাদের চেষ্টা সত্ত্বেও হামলাকারীদের নিবৃত্ত করা যায়নি।

পুলিশ জানায়, ঘর নির্মাণের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার রোববার বিকালে জন্য সালিশ বসে। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

সংঘর্ষে গুরুতর আহত হন খোরশেদ সিকদার। সেখান থেকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল। এখন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

এদিকে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন ও সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে রাতে বিষয়টি জানানো হয়।

মেহেন্দিগঞ্জ থানার এসআই বশির আহমেদ বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও