মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে গাড়ি চাপায় দেবাশিষ সরদার (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেবাশিষ সরদার শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের ক্রোকচর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম রমেশ সরদার।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে দেবাশিষ সরদার ভাঙ্গা থেকে মোটরসাইকেল নিয়ে শিবচরের দিকে যাচ্ছিলেন। পথে অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের আবেদনের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়িটি শনাক্তের কাজ চলছে।