ইসিতে আপিল: শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন

নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, রোববার মোট ৭১টি আপিল নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৫৮টি আপিল মঞ্জুর হয়েছে। ৭টি আপিল নামঞ্জুর হয়েছে। আর ৬টি আপিল আবেদন বিবেচনাধীন রাখা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৮ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে দুদিনে মোট ১০৯ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দিনভর শুনানি শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ বিভাগের পরিচালক রুহুল আমিন মল্লিক।

তিনি জানান, এদিন মোট ৭১টি আপিল নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৫৮টি আপিল মঞ্জুর হয়েছে। এছাড়া ৭টি আপিল নামঞ্জুর হয়েছে, আর ৬টি আপিল আবেদন বিবেচনাধীন রাখা হয়েছে।

তিনি আরো জানিয়েছেন, আগের দিন অপেক্ষমান থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের আপিল আবেদন আজ মঞ্জুর করা হয়েছে।

নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, আগামীকাল সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আজকের শুনানির পর দুই দিনে মোট ১০৯ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এর আগে শনিবার নির্বাচন কমিশন ৭০টি আপিল নিষ্পত্তি করে। এর মধ্যে ৫২টি আপিল মঞ্জুর করা হয়। এতে ৫১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয় এবং ১ জনের মনোনয়ন বাতিল করা হয়। ওই দিন ১৫ জন প্রার্থীর আপিল নামঞ্জুর হয় এবং ৩ জনের আপিল আবেদন বিবেচনাধীন রাখা হয়।

আরও