মৌলভীবাজারের লাউয়াছড়ায় আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার দীর্ঘ ১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ের স্টেশন মাস্টার কবির আহমেদ।
তিনি বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রেনটির ছিটকে পড়া ইঞ্জিন সরিয়ে নেয়া হয়েছে। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকে থাকা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে গেছে। শ্রীমঙ্গল লাইন ক্লিয়ার রয়েছে। ৭১৯ পাহাড়িকা এক্সপ্রেস সিলেটে পৌঁছার পর ৭২৪ উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে আসবে। ৭৩৯ উপবন এক্সপ্রেস ঢাকা থেকে ও ৭৪০ উপবন এক্সপ্রেস সিলেট থেকে চলাচল করবে।’
রেলওয়ে সূত্র জানিয়েছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস গতকাল ভোর পৌনে ৫টার দিকে কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে লাইনচ্যুত হয়। রেললাইনের ওপর ভেঙে পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এর পরই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। গতকাল সকালে দুর্ঘটনাকবলিত ট্রেনে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ তাদের নিজ নিজ গন্তব্যে পাঠায়। এ ঘটনায় ১৫ যাত্রী আহত হয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, ‘রেললাইনের ওপর পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগেই এ দুর্ঘটনা ঘটে। গতকাল দুপুরের পর শ্রীমঙ্গল স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ চালু করা হয়। ক্ষতিগ্রস্ত ট্রেনের অক্ষত ১০টি বগি শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে আসা হয়।’
রেলওয়ে সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ও দুটি বগি উদ্ধার করতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন সকালেই ঘটনাস্থলে পৌঁছে। বিকালের মধ্যে বগি উদ্ধার শেষ হয়। তবে ইঞ্জিন অনেক ভারী হওয়ায় এটি উদ্ধারে সময় বেশি লাগে।
ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, ‘এটি একটি স্বাভাবিক দুর্ঘটনা। ঝড়ের কারণে বড় গাছ পড়ে লাইনের ওপর। চালক গাছটি যখন দেখতে পান তখন নিয়ন্ত্রণ করা কঠিন ছিল।’
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ। রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোক), বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ ও ওয়াগন), বিভাগীয় প্রকৌশলী (২) ঢাকা, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী।
কমিটির সদস্যরা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ঢাকা) শফিকুল ইসলামের নেতৃত্বে গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এর পরই ক্ষতিগ্রস্ত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারকাজ শুরু হয়।