দেশের একটি রাজনৈতিক দলের কিছু দুষ্টু লোকজন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, আর সেটিকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এতে দেশের উন্নয়ন ব্যাহত হলে সেই দায়ভারও তাদের নিতে হবে। বিএনপি সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।
আজ বৃহস্পতিবার দুপুরে পরশুরামের ঘাটঘর এলাকায় ফেনীর মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডে শুধু দেশই নয়, বহি:বিশ্বেও বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেন, একটি রাজনৈতিক দল আবারো একাত্তরের রূপে ফিরে গেছে, মা-বোনদের ইজ্জত হরণ আর হত্যায় মেতে উঠেছে। এখন সময় এসেছে এদের মুখোশ উন্মোচনের।
নাম উল্লেখ না করে ওই রাজনৈতিক দলের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দয়া করে আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিয়ত করুন।
দেশে অনেক রাজনৈতিক দল থাকলেও একমাত্র বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ৫ বছরের মেয়াদে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করা হবে। একইসঙ্গে এসব স্বাস্থ্য কেন্দ্রে কিডনি রোগীদের ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিএনপি সরকার গঠন করেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। এর ফলে সরকারের দেড় হাজার কোটি টাকা ব্যয় হলেও দেশের ১৩ লাখ কৃষক উপকৃত হয়েছে।
মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্প বাস্তবায়ন হলে বৃহত্তর নোয়াখালীর মানুষ বন্যার হাত থেকে রক্ষা পাবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এর ফলে নতুন করে ৩৪ হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে। এক লাখ টন ফসল উৎপাদন বাড়বে, শস্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে।
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও ফেনী ১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বক্তব্য দেন।