মুন্সিগঞ্জে শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষার্থীকে শূন্যে তুলে আছাড়

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার ষষ্ঠ শ্রেণীর ‘গোলাপ’ শাখার শিক্ষার্থী আতিকুর রহমান ও হাবিবের মধ্যে ঝগড়া হয়।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে মারধর ও শূন্যে তুলে একাধিকবার আছাড় দেয়ার অভিযোগ উঠেছে। ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

গতকাল বেলা ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. হাবিব। আটক ব্যক্তি হলেন নাহিদ শেখ (৩৫)। তিনি উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার শেখের ছেলে।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার ষষ্ঠ শ্রেণীর ‘গোলাপ’ শাখার শিক্ষার্থী আতিকুর রহমান ও হাবিবের মধ্যে ঝগড়া হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি জানতে পেরে তা মীমাংসা করে দেন। গতকাল সকালে প্রাত্যহিক সমাবেশ শেষে শিক্ষার্থীরা যে যার শ্রেণীকক্ষে চলে যায়। আতিকুর ও হাবিবও নিজেদের শ্রেণীকক্ষে ছিল। সকাল সোয়া ১০টার দিকে আতিকুরের ফুফাতো ভাই নাহিদ শেখ ষষ্ঠ শ্রেণীর ওই শাখায় প্রবেশ করেন। এ সময় তিনি হাবিবকে বেঞ্চ থেকে তুলে এনে তার ঘাড় ধরে মারধর করেন এবং একাধিকবার আছাড় দেন।

শ্রেণীকক্ষে থাকা শিক্ষার্থীরা ভয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে এগিয়ে আসেন। পরে প্রধান শিক্ষক নাহিদ শেখকে তার কক্ষে নিয়ে যান এবং বিষয়টি সিরাজদিখান থানার পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে গিয়ে নাহিদ শেখকে আটক করে থানায় নিয়ে যায়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ বলেন, ‘এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’

আরও