রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মানের জন্য ডিপিপি অনুমোদনের বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইতিবাচক সাড়া না পেলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের মহাসড়ক যোগাযোগ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মানববন্ধন কর্মসূচিতে এমন হুঁশিয়ারি দেন তারা।
এদিন সকাল থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিরা কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে আধবেলা প্রশাসনিক কর্মবিরতি দিয়ে ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার, উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া ও ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমদ, ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলামসহ সব শিক্ষক ও শিক্ষার্থীরা। এর পরে দুপুর ১২টার দিকে হাটিকুমরুল হাইওয়ের গোলচত্বরে দাঁড়িয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
মানবনন্ধনে শিক্ষার্থী প্রতিনিধিরা বলেন, বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের প্রতি অবিচার করা হয়েছে। আমরা বারবার আন্দোলন করার পরও শুধু আশ্বস্তই করা হয়েছে। প্রতিষ্ঠার ৯ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। তাই সরকার আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্থায়ী ক্যাম্পাস নির্মানের জন্য ডিপিপি অনুমোদনে আশ্বস্ত না করলে আগামী রোববার থেকে ঢাকা মহাসড়ক ও উত্তরবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
তাদের এ কর্মসূচির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা একাত্মতা প্রকাশ করেছেন।