নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, যে সমুদ্রকে নিয়ন্ত্রণ করে, সে-ই বিশ্বকে নিয়ন্ত্রণ করে। আজকের বিশ্বে পূর্ব-পশ্চিমের সংঘাত ইউরেশিয়ান হার্টল্যান্ডে কেন্দ্রীভূত। মোগলরা সমুদ্রের গুরুত্ব অনুধাবন করতে না পারায় এবং শক্তিশালী নৌবাহিনী না থাকায় পরাজিত হয়েছিল।
মঙ্গলবার (৩ জুন) বিকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজে) আয়োজিত উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের নতুন বই Geopolitics and Strategic Shifts in South Asian/Subcontinental Countries-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নিজের বই নিয়ে আলোচনায় তিনি বলেন, ‘আমি পিএইচডি শেষ করে এসআইপিজে-এ যোগদানের সময় আমার শিক্ষক প্রফেসর সালাহউদ্দিন আমিনুজ্জামান এ গবেষণা শুরু করার পরামর্শ দেন। এই বইটি মূলত দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি বোঝার জন্য একটি দিকনির্দেশনা। আমার বইয়ে ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধ এবং পাকিস্তান-ভারতের ভূরাজনৈতিক উত্তরণ কীভাবে আঞ্চলিক রাজনীতিকে চিরতরে পাল্টে দিয়েছে, সেটিও বিশ্লেষণ করা হয়েছে।’
রাষ্ট্রদূত সুফিউর রহমান বইটির প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন, ‘আমি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে এই সময়োপযোগী বইয়ের জন্য অভিনন্দন জানাই। যদিও বিষয়বস্তু গভীর, বইটি অত্যন্ত সহজভাবে উপস্থাপিত। বর্তমান বিশ্বব্যবস্থা প্রতিযোগিতাপূর্ণ; চীনের বিআরআই এর মতো উদ্যোগ প্রতিবেশী দেশগুলোতে প্রভাব ফেলছে। প্রশান্ত মহাসাগরে যে ভূরাজনৈতিক অস্থিরতা চলছে, তা ভারত মহাসাগরেও ছড়িয়ে পড়ছে। এমন প্রেক্ষাপট আমি আগে কোনো বাংলাদেশী বইয়ে পাইনি।’
ড. রেমন্ড লাউ বইটির তথ্যবহুল ও গবেষণাধর্মী দিকগুলো তুলে ধরে বলেন, ‘এই বইটি দক্ষিণ এশিয়া ও আঞ্চলিক রাজনীতির ওপর একটি তথ্যের ভাণ্ডার। বিষয়বস্তু অত্যন্ত প্রাসঙ্গিক। তবে আমার মতে, চীনের বর্তমান আঞ্চলিক ভূমিকা নিয়ে আরো বিস্তারিত আলোচনা ভবিষ্যতে যুক্ত করা যেতে পারে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি এম এ কাশেম বইটির ভূয়সী প্রশংসা করেন এবং এনএসইউ-এর একাডেমিক উৎকর্ষ ও নীতিনির্ধারণে অংশগ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শেষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় জাতীয় ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণাভিত্তিক সংলাপের প্লাটফর্ম গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’
বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ কাশেম, এসআইপিজে-এর পরিচালক অধ্যাপক ড. শেখ তৌফিক এম হক এবং বইটির লেখক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক, ছাত্রছাত্রী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন এসআইপিজে-এর পরিচালক অধ্যাপক ড. শেখ তৌফিক এম হক।