সরকারের ভর্তুকি দেয়ার সামর্থ্য ক্রমাগত কমছে: তথ্য উপদেষ্টা

জ্বালানি ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিবেচনায় নিয়ে সরকারকে কিছু সিদ্ধান্ত নিতে হচ্ছে। এর ফলে এই চাপ কারো না কারো ওপর পড়ছে

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও এলএনজি আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারকে রেকর্ড পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। তবে অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারকে কিছু অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে হচ্ছে। ভর্তুকি দেয়ার সামর্থ্য সরকারের ক্রমাগত কমছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বাসসের প্রতিবেদন অনুসারে, সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জ্বালানি ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম এবং এলএনজি আমদানির খরচ অনেক বেড়েছে। সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে রেকর্ড পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে। কিন্তু অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিবেচনায় নিয়ে সরকারকে কিছু সিদ্ধান্ত নিতে হচ্ছে। এর ফলে এই চাপ কারো না কারো ওপর পড়ছে।

তিনি বলেন, জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণ ও রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করেই সরকার এসব পদক্ষেপ নিচ্ছে।

এদিকে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধা জানিয়েই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে এখন আর শ্রমিকদের মূল আন্দোলন বা দাবির যৌক্তিকতা থাকার কথা নয়। এর মধ্যেও যারা সহিংস আচরণ করছে, তাদের সঙ্গে সাধারণ শ্রমিকদের সম্পৃক্ততা থাকতে পারে না।

চলমান আন্দোলনে সহিংসতা ও নাশকতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লুটপাটের অর্থ বিনিয়োগের সংযোগ থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট চক্র বা নিষিদ্ধ দলটির কাছে থাকা বিপুল পরিমাণ লুটপাটের অর্থ খরচ করে কোথাও কোথাও নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে। এর সঙ্গে শ্রমিক আন্দোলনের সংযোগ থাকতে পারে। সরকার ও প্রশাসন এ ধরনের তৎপরতা কঠোরভাবে প্রতিহত করতে প্রস্তুত।

তবে এর অর্থ এই নয় যে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করা হচ্ছে—সরকার এমনটি মনে করে না বলে জানান তিনি। শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তিনি আসতে চাইলে সরকার কোনো বাধা দেবে না।

পুলিশের বলপ্রয়োগ প্রসঙ্গে তিনি বলেন, বিগত আমলের মতো নির্বিচারে বা মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের সংস্কৃতি থেকে পুলিশ বাহিনীকে বের করে আনা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী বলপ্রয়োগের আইনি অধিকার পুলিশের রয়েছে। তবে তা সুনির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে করতে হবে।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

আরও