জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস পরিদর্শন করেছেন। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অংশ নেন।
এ সময় প্রিয় তারকাকে এক নজর দেখতে মেডিকেল সেন্টার এলাকায় বিপুলসংখ্যক শিক্ষার্থী ভিড় জমান। তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা ‘টিকা’ এর আর্থিক সহায়তায় এ মেডিকেল সেন্টারের সংস্কার ও আধুনিকায়নের কাজ সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয় ও ডাকসু সূত্রে জানা গেছে, প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে মেডিকেল সেন্টারের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হয়েছে।
ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ জানান, এ প্রকল্পে সম্পূর্ণ অর্থায়ন করেছে তুর্কি সংস্থা টিকা। ২০১৪ সালের বিশ্বকাপজয়ী এ তারকা গত ১৭ ফেব্রুয়ারি অনেকটা নীরবে বাংলাদেশে আসেন। তার সফরের বিষয়টি আগে থেকে জানাজানি না হলেও ক্যাম্পাসে তার উপস্থিতির খবরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়।
জার্মানির ফুটবল তারকা মেসুত ওজিল
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। এ সময় আরো উপস্থিত ছিলেন টিকার প্রেসিডেন্ট আব্দুল্লাহ এরেন এবং টিকা বাংলাদেশের সমন্বয়কারী মোহাম্মদ আলী আরমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে ওজিল শিক্ষার্থীদের অভিবাদনের জবাব দেন।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি শেষে আগামীকাল বৃহস্পতিবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং সেখানে একটি ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন। সফর শেষ করে একই দিন রাতে তার দেশ ছাড়ার কথা রয়েছে।