দেশে হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে তিনজন। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহে একজন করে মারা গেছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে ১ হাজার ২১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১১০ জনের। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৫ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন হাসপাতাল ছেড়েছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ২৭৩ জনের।
এদিকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিভাগে দুজন ও ময়মনসিংহে একজন মারা গেছেন। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৭১ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ১৭৯ জন মারা গেছেন। এ সময়ে খুলনা বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুরে সাতজন ও সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।