খাগড়াছড়িতে নিপীড়নবিরোধী সমাবেশ, সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ডাক

পার্বত্য চট্টগ্রামে অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদে খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে নিপীড়নবিরোধী সমাবেশ হয়েছে।

পার্বত্য চট্টগ্রামে অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদে খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে নিপীড়নবিরোধী সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে আজ সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। গতকাল সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি শহরের চেঙ্গী স্কয়ার, মহাজন পাড়া, শাপলা চত্বর, ভাঙা ব্রিজ ঘুরে আবার চেঙ্গী স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জুম্ম ছাত্র-জনতা প্রতিনিধি কৃপায়ণ ত্রিপুরা, কবিতা চাকমা, আকাশ ত্রিপুরা ও উক্যনু মারমা। এ সময় বক্তারা বলেন, ‘পাহাড়ে ধর্ষণের বিচার না হওয়ায় ধর্ষক বারবার পার পেয়ে যায়। এ কারণে ধর্ষণের মতো ঘটনা বারবার ঘটছে। সমাবেশে মানুষের উপস্থিতি প্রমাণ করে পাহাড়ে আর কেউ ধর্ষণের মতো ঘটনা দেখতে চায় না। গত বছরের সেপ্টেম্বরে যে আন্দোলন শুরু হয়েছিল, তা আজও জাগ্রত।’

পার্বত্য চট্টগ্রামে অব্যাহত নারী নিপীড়নের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি জুম্ম নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান আন্দোলনকারীরা।

জুম্ম ছাত্র-জনতা আন্দোলনের সংগঠক কবিতা চাকমা বলেন, ‘মঙ্গলবার আমাদের এক বোন ধর্ষণের শিকার হয়েছেন। আমরা তার বিচারের দাবিতে সমাবেশ করছি। পার্বত্য চট্টগ্রামে ঘটে যাওয়া প্রতিটি ধর্ষণের বিচার করতে হবে।’

এর আগে মঙ্গলবার খাগড়াছড়ি সদর উপজেলায় এক স্কুলছাত্রী প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে ছয়দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এ ঘটনায় পলাতক রয়েছেন আরো দুই আসামি। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার শহরে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে জুম্ম ছাত্র-জনতা।

খাগড়াছড়ির সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, সন্দেহভাজন যুবক শয়ন শীলকে গ্রেফতারের পর আদালতে তোলা হয়েছে। আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আরও