প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবিতে দিনাজপুরের হিলিতে মানববন্ধন করেছে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১১টায় হিলি চারমাথা মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ১ হাজার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী।
মানববন্ধনে হাকিমপুর কিন্ডারগার্টেন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি এম এ রাফেউল আলম, সাধারণ সম্পাদক এইচএম আওলাদ, বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানাসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই দাবি করে মানববন্ধনের শিক্ষার্থী ও শিক্ষকরা দাবি করে বলেন, শিক্ষা যেহেতু মৌলিক অধিকার, তাই বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের অংশগ্রহণের সুযোগ করে দেয়া উচিত। বৃত্তি শুধু আর্থিক অনুদান নয়, বৃত্তি হচ্ছে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি ও শিক্ষার অনুপ্রেরণা।
গত ১৭ তারিখের পরিপত্র বাতিল করে নতুন পরিপত্র জারির মাধ্যমে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেয়া হবে বলে প্রত্যাশা তাদের।