শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইজিপি

জীবন সবসময় সোজা পথে চলে না, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা

আইজিপি বলেন, আমাদের সন্তানেরা বড় হবে, তারা আরো কৃতিত্বপূর্ণ কাজ করবে। শুধু পড়াশোনায় নয়, তারা বাস্তব জীবনে কর্মক্ষেত্রেও সাফল্যের স্বাক্ষর রাখবে। আমাদের দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে উঠবে।

সততা, পরিশ্রম আর স্বপ্ন জাতির ভবিষ্যৎ রচনা করে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, জীবন সবসময় সোজা পথে চলে না, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা- এ দুই জীবনের প্রকৃত রূপ। ব্যর্থতা এলে তোমরা কখনো ভেঙে পড়বে না বরং তা থেকে শিক্ষা নিয়ে আরো দৃঢ় চিত্তে এগিয়ে চলবে।

শনিবার (২৬ জুলাই) রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে বাহিনীটিতে কর্মরত সদস্যর কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, আমি মনে করি, আমাদের সন্তানেরা বড় হবে, আরো কৃতিত্বপূর্ণ কাজ করবে। শুধু পড়াশোনায় নয়, তারা বাস্তব জীবনে কর্মক্ষেত্রেও সাফল্যের স্বাক্ষর রাখবে। আমাদের দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে উঠবে।

বাহারুল আলম বলেন, আমি চাই এ শিশুরা, এ তরুণরা হোক আগামী দিনের আদর্শ দেশপ্রেমিক, মানবিক ও কর্মনিষ্ঠ নাগরিক। তারা হোক নৈতিক নেতৃত্বের প্রতীক, হোক সাহস ও সম্ভাবনার আলোকবর্তিকা।

অভিভাবকদের উদ্দেশ্যে আইজিপি বলেন, আপনাদের সন্তানদের সাফল্যের পেছনে আপনাদের অবদান অনস্বীকার্য। দায়িত্বের প্রয়োজনে পরিবারের পুলিশ সদস্যটি অনেক সময় সন্তানদের জন্য যথেষ্ট সময় দিতে পারেন না। তবুও আপনারা সন্তানদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন। এটা সত্যিকারের এক বিরল বিপ্লব বলে আমি মনে করি। আমার বিশ্বাস, বাংলাদেশ পুলিশের এ মেধাবৃত্তি কর্মসূচি কেবল পুরস্কার নয়, এটি একটি দৃষ্টান্ত।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) আবু নাছের মো. খালেদ বলেন, পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের আজকের এ স্বীকৃতির মূল উদ্দেশ্য হল তাদের অনুপ্রেরণা দেয়া, তারা যেন দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে গড়ে তুলতে পারে

অনুষ্ঠানের শুরুতে গত ২১ জুলাই রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আরও