মিরসরাইয়ে দুই শিশুর গলায় ছুরি ধরে ডাকাতি, স্বর্ণালংকার লুট

শাবল দিয়ে শোবার ঘরের সামনের দরজা ভেঙে ফেলে ৮-১০ জন ডাকাত সদস্য ঘরে ঢুকে পড়ে। তাদের হাতে লোহার রড, সাবল ও দেশীয় ধারালো অস্ত্র ছিল। মুখোশধারী ও হাফপ্যান্ট পরা ডাকাত সদস্যরা এক মাস বয়সী মেয়ে মিত্তাউল ফারিন ও দুই বছর বয়সী ছেলে মো. সাইফানের গলায় ধারালো ছুরি ধরে গলা কেটে ফেলার হুমকি দেয়। পরে সবাইকে হাত বেঁধে এক কক্ষে আটকে রেখে ঘরের বিভিন্ন কক্ষের আলমারি খুলে সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ত্রিশ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায়।

চট্টগ্রামের মিরসরাইয়ে শিশু সন্তানের গলায় ছুরি ধরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের মোল্লাবাড়ির প্রবাসী মো. হেলাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম।

ডাকাতির শিকার হওয়া পরিবারটির গৃহকর্ত্রী রিজিয়া বেগম বলেন, রাস্তার পাশে আমাদের একা বাড়িতে রাতে প্রবাসে থাকা বড় ছেলের বউ, তার এক মাস বয়সী মেয়ে, ছোট ছেলে, বেড়াতে আসা মেয়ে, তার স্বামী ও তাদের দুই বছর বয়সী ছেলে ছিল। মধ্যরাতে প্রথমে রান্নাঘরের দরজায় ও পরে শোবার ঘরের দরজায় ধাক্কা দেয়ার শব্দ শুনতে পেয়ে আমি উঠি। কে দরজায় ধাক্কা দিচ্ছে জানতে চাইলে মুহূর্তেই শাবল দিয়ে শোবার ঘরের সামনের দরজা ভেঙে ফেলে ডাকাত দলের ৮-১০ জন সদস্য ঘরে ঢুকে পড়ে। তাদের হাতে লোহার রড, শাবল ও দেশীয় ধারালো অস্ত্র ছিল। মুখোশধারী ও হাফপ্যান্ট পরা ডাকাত সদস্যরা এক মাস বয়সী মেয়ে মিত্তাউল ফারিন ও দুই বছর বয়সী ছেলে মো. সাইফানের গলায় ধারালো ছুরি ধরে গলা কেটে ফেলার হুমকি দেয়। এসময় ঘরের ভেতর কী আছে সব দিতে বলে। তারা সবাইকে হাত বেঁধে একটি কক্ষে আটকে রেখে ঘরের বিভিন্ন কক্ষের আলমারি খুলে সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ত্রিশ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায়। আরেকটি মুঠোফোন ভেঙে রেখে যায়।

ডাকাত চলে যাওয়ার পর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় জোরারগঞ্জ থানার পুলিশ এসে সব দেখে তথ্য নিয়ে গেছে। ডাকাতির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানালেন পরিবারের সদস্যরা।

শিশুদের গলায় ধারালো ছুরি ধরে ডাকাতির এমন জঘন্য ঘটনা এলাকায় প্রথম। ঘটনা তদন্তের মাধ্যমে ডাকাতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার আহ্বান এলাকাবাসীর।

এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম বলেন, হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামে সোমবার গভীর রাতে ডাকাতির খবর পেয়ে ভোরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ওই এলাকায় একটি চক্র তৈরি হয়েছে। এমন ঘটনা রোধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরও