কক্সবাজারের নাফ নদীতে রোগী বহনকারী স্পিডবোট লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। স্পিডবোটটি গতকাল সকাল ১০টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টি যাওয়ার সময় নাফ নদীর মোহনায় নাইক্ষ্যংদিয়া পৌঁছলে এ ঘটনাটি ঘটে।
দ্বীপের বাসিন্দারা জানান, টেকনাফ থেকে চিকিৎসা শেষে সেন্ট মার্টিন ফেরার পথে স্পিডবোট লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ছোট ডিঙি নৌকায় নদীতে নেমে গুলিবর্ষণ করা হয়। এ সময় স্পিডবোটে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। যদিও তারা সেন্ট মার্টিনে নিরাপদে পৌঁছেছেন।
এর আগে মিয়ানমারের সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়া থেকে সেন্ট মার্টিনগামী পণ্যবাহী ট্রলার এবং বাংলাদেশের নির্বাচনী কর্মকর্তাদের ওপর গুলি ছোড়া হয়েছে। ওই এলাকাটি বর্তমানে আরাকান আর্মির দখলে রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‘বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। এসব ঘটনা নিয়ে আমরা কাজ করছি।’